Wednesday, May 27, 2020

ব্যাখ্যামূলক প্রতিবেদনের প্রয়োজনীয়তা

- সমাজে প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমের কাজ হলো সমাজের অপরাপর শক্তিশালী প্রতিষ্ঠান, বিশেষত রাষ্ট্র ও সরকারের কাজের ওপর সতর্ক দৃষ্টি রাখা এবং জনগণের স্বার্থের অনুকূলে পরিচালনার জন্য পরামর্শ প্রদান করা। ব্যাখ্যামূলক প্রতিবেদন একদিকে যেমন পাঠককে চলমান ঘটনাবলির ব্যাখ্যা প্রদান করে, অন্যদিকে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন নীতি ও ঘটনার প্রতিক্রিয়া অবহিত করে এবং তার পরিণতি সম্পর্কে সজাগ করে তোলে।

- ব্যাখ্যামূলক প্রতিবেদন সাধারণ মানুষ ও নীতি নির্ধারকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। নীতিনির্ধারকদের পক্ষে প্রতিটি বিষয়ে জনমত যাচাই করা সম্ভব হয় না। যদিও বিভিন্ন দিক বিবেচনা করেই নীতিনির্ধারকরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তথাপি সকল দিকই যথাযথভাবে বিবেচিত হবে এমন আশা করা ঠিক নয়। কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যান্য উপাদান এমনভাবে প্রভাব বিস্তার করে যে, অনেক জরুরী বিষয় নীতিনির্ধারকদের দৃষ্টি এড়িয়ে যায়। এই রকম পরিস্থিতিতে ব্যাখ্যামূলক প্রতিবেদন গৃহীত সিদ্ধান্ত বা নীতির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে এবং সাধারণ মানুষের চাহিদা ব্যক্ত করে। এতে করে সাধারণ মানুষ ও নীতিনির্ধারক উভয়ই উপকৃত হয় এবং প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করার সুযোগ লাগ করে।

- প্রতিদিনের সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম সংবাদ পাঠকদের কাছে যা উপস্থিত করে তা হলো সংঘটিত ঘটনাবলি। বক্তৃতা, দুর্ঘটনা, বাজারদর, খেলাধুলা ইত্যাদি যে উদাহরণই আমরা দেই না কেন দেখতে পাবো যে, ঘটনার বর্ণনাই হচ্ছে মুখ্য। সংবাদের প্রচলিত সংজ্ঞাও আমাদেরকে সেই ধারণা দেয়। ব্যাখ্যামূলক প্রতিবেদন কেবলমাত্র আমাদেরকে ঘটনার মধ্যে সীমিত না রেখে আমাদের মনোযোগ সম্প্রসারিত করে দেয় বিভিন্ন বিষয়ে। ব্যাখ্যামূলক প্রতিবেদন বিচ্ছিন্ন ঘটনাকে একসাথে সাজিয়ে পাঠককে বোঝায় ঘটনাগুলোর উৎস কোথায় এবং তার ফলে কী দাঁড়াচ্ছে। অর্থাৎ সাধারণ ঘটনা থেকে ইস্যুতে রূপান্তরের জন্য এবং সেই ইস্যুর উপর গুরুত্বারোপের জন্য দরকার ব্যাখ্যামূলক প্রতিবেদনের।

- ব্যাখ্যামূলক প্রতিবেদনের অন্যতম একটি তাগিদ হলো সত্যকে বোঝা। সত্যকে অনেকেই আপতিক ও প্রয়োজনের সত্য বলে দু’ভাগে ভাগ করে থাকেন। আপতিক সত্য হলো যা সরাসরি দেখা যায়। ঘটনার বর্ণনার মধ্যেই আপতিক সত্য প্রকাশিত। কিন্তু ঘটনার মধ্যে পুরো সত্য প্রকাশিত হয় না। ঐ সত্যের পেছনে লুকোনো প্রয়োজনের সত্যকে তুলে ধরতে প্রয়োজন হয় ব্যাখ্যামূলক প্রতিবেদনের। ব্যাখ্যামূলক প্রতিবেদন ঘটনার অন্তর্নিহিত ও অব্যক্ত অর্থকে প্রকাশ করে একটি পরিস্থিতির অপ্রকাশিত কিন্তু উপস্থিত অর্থকে উপস্থাপন করে।  



(লিখেছেন - অরুণমীলা)



আরও পড়ুন - 

No comments:

Post a Comment

Featured Post

ব্যাখ্যামূলক প্রতিবেদনের প্রয়োজনীয়তা

- সমাজে প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমের কাজ হলো সমাজের অপরাপর শক্তিশালী প্রতিষ্ঠান, বিশেষত রাষ্ট্র ও সরকারের কাজের ওপর সতর্ক দৃষ্টি রাখা এবং জন...